রংপুর প্রতিনিধি: রংপুরে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও মারাত্মক আহত ৬৪ জনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ২ কোটি ১৬ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান আনুষ্ঠানিকভাবে এ সহায়তার অর্থ প্রদান করেন।
অনুষ্ঠানে জানানো হয়, দুর্ঘটনায় নিহত ৩০ জনের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৫০ লাখ টাকা, গুরুতর আহত ১৮ জনকে ১ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা এবং দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে স্বাভাবিক জীবনে ফিরতে না পারা ১৬ জন ভুক্তভোগীকে ৩ লাখ টাকা করে মোট ৪৮ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।
বিআরটিএ রংপুর অফিসের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আবেদনের প্রেক্ষিতে বিআরটিএ নিয়মিত এই আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। আজ যারা সহায়তা পেলেন, তাদের অধিকাংশই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বজন হারিয়ে বা পঙ্গুত্ব বরণ করে মানবেতর দিন কাটানো পরিবারগুলো যেন এই অর্থ মূলধন হিসেবে ব্যবহার করে ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ।
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, "সড়ক দুর্ঘটনায় প্রিয়জন হারানো বা পঙ্গুত্ব বরণের ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবুও সরকারের এই মানবিক সহায়তার মূল উদ্দেশ্য হলো- ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন এই অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করে পুনরায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে।"
—জা. অর্থনীতি/এলএটি
