জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে পরিচালিত 'শেখ ব্রিকস'-এর নিষিদ্ধ ফিক্সড চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় যৌথ অভিযান চালিয়ে ইটভাটাটির ফিক্সড চিমনি উচ্ছেদ করা হয়। তবে অভিযান পরিচালনাকালে ভাটার প্রস্তুত কার্যক্রম বন্ধ থাকায় এবং মালিক বা দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় কোনো আর্থিক জরিমানা করা হয়নি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ইমন হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় মেলান্দহ থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহায়তা প্রদান করেন।
অভিযান সূত্র জানায়, বিদ্যমান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন তোয়াক্কা না করে কোনো বৈধ অনুমোদন ছাড়াই শেখ ব্রিকসটি দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছিল। তদুপরি আইনবহির্ভূত ফিক্সড চিমনি ব্যবহার করে পরিবেশ দূষণ ঘটানো হচ্ছিল।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এটি একটি অবৈধ ইটভাটা। ২০১০ সাল থেকেই ফিক্সড চিমনি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সারাদেশে ফিক্সড ও ড্রাম চিমনিসম্পন্ন অবৈধ ইটভাটা উচ্ছেদে যে বিশেষ মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে আজকের এই অভিযান।"
পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এমন জিরো টলারেন্স অভিযান ও কঠোর আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
—জা. অর্থনীতি/এলএটি