৮ মাসে ৯৫০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারসহ উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির ধারাবাহিক অভিযানে গত আট মাসে প্রায় ৯৫০ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সরাইল রিজিয়নের ব্যবস্থাপনায় ও ৫২ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের আওতাধীন ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল- এই চার সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি (বর্ডার আউটপোস্ট) ২৪ ঘণ্টা সীমান্ত পাহারা ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসছে।

সংবাদ সম্মেলনে উত্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সরাইল রিজিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১১টি পিস্তল, ৭টি ম্যাগাজিন, ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান, ৪০ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক দ্রব্য, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটিং তার উদ্ধার করেছে।

একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ৭ হাজার ৭৮৫ পিস ইয়াবা, ১৩ হাজার ১৬৮ কেজি গাঁজা, ৫৮ হাজার ৭০০ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৪ হাজার ৩০০ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ৩ লাখ ৪ হাজার ৮০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৫১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। অপরাধমূলক এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৮১ জন চোরাকারবারিকে আটক করে আইনি প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে শ্রীমঙ্গল, ময়মনসিংহ ও সিলেট সেক্টরের বিজিবি সদস্যরা অবৈধ পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৫ হাজার ঘনফুট পাথর এবং ৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করেছে।

৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, "সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, অস্ত্র ও মাদকের অনুপ্রবেশ বন্ধে বিজিবি শতভাগ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে আমাদের গোয়েন্দা নজরদারি ও সীমান্ত টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।"

উপস্থিত বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনসাধারণের সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।  

—জা. অর্থনীতি/এলএটি