বিশ্ব বাঁশ দিবস আজ

অনলাইন ডেস্ক: বাঁশের বহুমুখী ব্যবহার, পরিবেশগত গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব বাঁশ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘Bamboo Beyond Borders’, যার বাংলা অর্থ ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’।

বাঁশ দীর্ঘদিন ধরে মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী এই উদ্ভিদ বর্তমানে পরিবেশ সুরক্ষা, শিল্প, হস্তশিল্প ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আসবাবপত্র, কাগজ, ঘরবাড়ি নির্মাণসহ বিভিন্ন পণ্য তৈরিতে বাঁশের ব্যবহার রয়েছে।

বিশ্ব বাঁশ সংস্থার উদ্যোগে প্রতিবছর ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস পালিত হয়। ২০০৫ সালে ওয়ার্ল্ড ব্যাম্বু অর্গানাইজেশন (ডব্লিউবিও) প্রতিষ্ঠার পর বাঁশের সম্ভাবনা ও ব্যবহার নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির কার্যক্রম আরও জোরদার হয়। পরবর্তী সময়ে ২০০৯ সালে ব্যাংককে অনুষ্ঠিত অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেসে ১৮ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাঁশ দিবস হিসেবে ঘোষণা করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষায়ও বাঁশের গুরুত্ব রয়েছে। দ্রুত বেড়ে ওঠা এই উদ্ভিদ কার্বন শোষণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে। একই সঙ্গে বাঁশকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র শিল্প ও হস্তশিল্পে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

বিশ্ব বাঁশ দিবসের মূল লক্ষ্য হলো বাঁশের পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা, এর টেকসই ব্যবহার বাড়ানো এবং দৈনন্দিন জীবনে বাঁশভিত্তিক পণ্যের ব্যবহারকে উৎসাহিত করা। বাঁশের বহুমুখী সম্ভাবনা কাজে লাগিয়ে পরিবেশবান্ধব ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে সচেতনতা তৈরিই দিবসটির অন্যতম উদ্দেশ্য।

জা.অর্থনীতি/এসআই