যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে চীনের হাতে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানোর সময় স্টিলথ প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশের একটি চালান চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে পৌঁছেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চালানটিতে যুদ্ধবিমানের একটি ক্যানোপি বা স্বচ্ছ ছাদ ছিল। এটি এফ-৩৫ যুদ্ধবিমানের স্টিলথ প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশ।

মধ্যস্থতাকারী একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য চালানটি প্রস্তুত করা হয়েছিল। তবে নির্ধারিত গন্তব্যে না পৌঁছে সেটি হংকংয়ে চলে যায়।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ যন্ত্রাংশগুলো বর্তমানে কোথায় রয়েছে বা কার কাছে আছে, তা স্পষ্ট নয়। তবে এগুলো চীনের হাতে পৌঁছে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ ঘটনায় গত জুনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কংগ্রেসের যৌথ তদন্ত শুরু হয়। তদন্ত এখনো চলমান রয়েছে। নিখোঁজ যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এফ-৩৫ যুদ্ধবিমানের ক্যানোপি ককপিটের ওপর স্থাপিত গম্বুজসদৃশ স্বচ্ছ আবরণ। এতে রাডার তরঙ্গ প্রতিহতকারী বিশেষ উপাদান ব্যবহার করা হয়, যা বিমানটির স্টিলথ সক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে ক্যানোপিতে ব্যবহৃত স্বচ্ছ উপাদান সময়ের সঙ্গে ক্ষয়প্রাপ্ত হতে পারে। এ কারণে প্রয়োজন অনুযায়ী তা পরিবর্তন করতে হয়।

জা.অর্থনীতি/এসআই