খাল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ডোবা নদীসংলগ্ন খাল থেকে অজ্ঞাতপরিচয়ের (আনুমানিক ৩৫) এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের রেললাইনের পূর্ব পাশে একটি খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় কৃষকেরা খালের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে ভেড়ামারা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালের পানি থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত নিহত নারীর কোনো নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। অজ্ঞাত এই লাশের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঁদগ্রামসহ আশেপাশের গ্রামগুলোতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ওসি জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তে আশেপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে এবং পিবিআইয়ের সহায়তায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।"  

—জা. অর্থনীতি/এলএটি