দাউদকান্দিতে প্রাইভেট কার থেকে ১০০ কেজি গাঁজা জব্দ
ছবি: জাতীয় অর্থনীতি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হলেও সংকেত পেয়ে গাড়িটি রেখেই পালিয়ে যান চালক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার একটি নিয়মিত দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় ঢাকা মেট্রো-গ-১৪-৫৭৩৬ নম্বরের সিলভার রঙের একটি প্রাইভেটকার চেকপোস্টের দিকে আসলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।

পুলিশের উপস্থিতি ও সংকেত টের পেয়ে চালক মহাসড়কের পাশে গাড়িটি রেখে দ্রুত কৌশলে পালিয়ে যান। পরে পুলিশ ধাওয়া করেও চালককে আটক করতে পারেনি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সিলভার রঙের ওই প্রাইভেটকারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা জব্দ ও গাড়িটি জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, জব্দকৃত গাঁজার বাজারমূল্য বেশ কয়েক লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই সাথে মাদক চোরাচালানের সাথে জড়িতদের পরিচয় শনাক্ত ও পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান এবং তদন্ত জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

—জা. অর্থনীতি/এলএটি