দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি নেতা বহিষ্কার
ছবি: জাতীয় অর্থনীতি

কুড়িগ্রাম প্রতিনিধি: দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের আদর্শ ও নীতিপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মো. খলিলুর রহমানকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বহিস্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও গঠিত শৃঙ্খলা কমিটির প্রধান রাশিদুজ্জামান তাওহীদ।

এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা এনসিপির দপ্তর সেল সদস্য আরকানুল আহমেদ বাঁধন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদচ্যুত করার নির্দেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনসিপির গঠনতান্ত্রিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শের পরিপন্থী নানা কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় খলিলুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ আহ্বায়ক কমিটির সব ধরনের দায়-দায়িত্ব ও পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে। একই সাথে জাতীয় নাগরিক পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতা-কর্মীদের খলিলুর রহমানের সাথে কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু জানান, স্থানীয়ভাবে খলিলুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ উঠেছিল। বিষয়টি পর্যালোচনার জন্য জেলা কমিটিকে অবহিত করা হলে সাংগঠনিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে জেলা নেতৃবৃন্দ এই বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করেন।  

—জা. অর্থনীতি/এলএটি