ফিলিস্তিনিদের জন্য ১৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের জন্য ১২ কোটি ৫০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার বা প্রায় ১ কোটি ৩২ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে। জাতিসংঘ ও বিশ্বব্যাংকের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এই অর্থ দেওয়া হবে। এর মধ্যে সরকারি খাতের বাজেট সহায়তাও রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার নরওয়ে সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইদে বলেন, ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের মানবিক ও অর্থনৈতিক চাহিদা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অব্যাহত রাখা জরুরি।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন কার্যক্রমের সমালোচনা করেন। ২০২৪ সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নরওয়ে। দেশটি ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর সভাপতির দায়িত্বও পালন করছে।

নরওয়ে জানিয়েছে, ২০২৬ সালে ফিলিস্তিনিদের জন্য দেশটির মোট সহায়তার পরিমাণ প্রায় ১০০ কোটি নরওয়েজিয়ান ক্রোনারে দাঁড়াবে।

সূত্র: রয়টার্স

—জা.অর্থনীতি/জেআরটি