কিশোর গ্যাং-বিরোধী অভিযানে আটক ৬২৪, ৪৫১ জনের মুচলেকায় মুক্তি
ছবি: জাতীয় অর্থনীতি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ১৮টি থানা এলাকায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পরিচালনা করা এই অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৪৫১ জনকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে এবং বিভিন্ন অপরাধমূলক মামলায় জড়িত থাকায় ১৭৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীসহ বিভিন্ন উপজেলায় কিশোরদের একটি অংশের দলবদ্ধ অপতৎপরতা, বখাটেপনা, সড়ক-মহল্লায় মারামারি ও সামাজিক অপরাধে জড়িয়ে পড়ার ক্রমাগত অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে জেলার বিভিন্ন চিহ্নিত অপরাধপ্রবণ এলাকা, পার্ক, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন আড্ডাস্থল ও গ্যাং সদস্যদের আস্তানায় এই অভিযান শুরু হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর সরাসরি নির্দেশনায় একযোগে ১৮টি থানা পুলিশ ও জেলা পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করে। উদ্ধার ও আটক পর্ব শেষে আটক ব্যক্তিদের যাবতীয় পরিচয় ও পূর্বের রেকর্ড যাচাই-বাছাই করা হয়।

পরবর্তীতে ৪৫১ জনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় ভবিষ্যৎ আচরণ সংশোধনের শর্তে অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে মাদক সেবন, ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলা, মোবাইল কোর্টের আওতাধীন এবং নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় ১৭৩ জনকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, কিশোর গ্যাং সংস্কৃতি নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই বিশেষ প্রতিরোধমূলক কার্যক্রম চলমান থাকবে। জেলার সর্বত্র পুলিশি টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি