সিলেটে কৃষি প্রযুক্তির ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেটের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শীর্ষক দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিয়ানীবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে (হলরুম) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দেশের টেকসই খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফলন বৃদ্ধির বিকল্প নেই। কৃষকেরা যদি মাঠপর্যায়ে নতুন প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করেন, তবে সিলেট অঞ্চলের কৃষিখাতে আমূল রূপান্তর আসবে।" এ সময় নারী কৃষকদের উদ্বুদ্ধ করে তিনি আরও বলেন, "পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে এবং আর্থিকভাবে লাভবান হতে বসতবাড়ির আশপাশের পতিত ও খালি জমিতে শাকসবজি ও ফলমূলের নিয়মিত আবাদ বাড়াতে হবে।"

কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাজেদুর রহমান, সিলেট আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাহমিদা আক্তার এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সিলেটের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ দীপ্ত চক্রবর্তী।

প্রশিক্ষণ কর্মসূচীতে মূলত কৃষি তথ্য ও আধুনিক প্রযুক্তিবিষয়ক নানা অ্যাপস ও ওয়েবসাইটের ব্যবহার, উন্নতমানের ফসলি বীজ উৎপাদন ও বৈজ্ঞানিক সংরক্ষণ পদ্ধতি, ফসলের সুরক্ষায় পরিমিত সেচ, আধুনিক সার ও টেকসই মাটি ব্যবস্থাপনা এবং আমন ধানের ক্ষতিকর রোগবালাই সনাক্তকরণসহ সমন্বিত বালাইনাশক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৩০ জন প্রগতিশীল কৃষক-কৃষাণী, স্থানীয় কৃষি উদ্যোক্তা এবং নিবন্ধিত বীজ ডিলার অংশ নেন।

—জা. অর্থনীতি/এলএটি