বৃষ্টিতে কর্দমাক্ত ইউপি প্রবেশপথ, ভোগান্তিতে সেবাগ্রহীতা
ছবি: জাতীয় অর্থনীতি

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরবেষ্টিত নিকলী উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্রধান প্রবেশপথ সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত ও জলাবদ্ধ হয়ে পড়ছে। পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় দৈনন্দিন সেবা নিতে আসা শত শত নাগরিককে পোহাতে হচ্ছে দুর্ভোগ। পরিস্থিতি নিরসনে প্রবেশপথ সংস্কারসহ ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিকলী উপজেলার যোগাযোগ ও প্রশাসনিক প্রাণকেন্দ্রে অবস্থিত এই ইউনিয়ন পরিষদে প্রতিদিন নানা কাজে সাধারণ মানুষকে আসতে হয়। ১৯ দশমিক ৮৯ বর্গকিলোমিটার আয়তনের এই ইউনিয়নের ২০টি গ্রামের বাসিন্দাদের একমাত্র সেবাকেন্দ্র এটি। তবে বর্ষা বা সামান্য বৃষ্টিতেই পরিষদ ভবনের মূল ফটকের সামনে পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা হেলিম ও আকাশ আক্ষেপ প্রকাশ করে বলেন, "ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের সবচেয়ে কাছের সরকারি সেবাকেন্দ্র। কিন্তু গেটের মুখেই বৃষ্টির পানি জমে কর্দমাক্ত হয়ে থাকায় চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। বৃদ্ধ ও নারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। প্রবেশপথটির দ্রুত টেকসই সংস্কার প্রয়োজন।"

অন্যান্য ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়ন হলেও নিকলী সদরের এই সমস্যা দীর্ঘদিনের বলে জানান সচেতন বাসিন্দারা। তারা জানান, হাওরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নিকলীতে বর্ষাকালে চলাচলের চ্যালেঞ্জ এমনিতেই বেশি, তার ওপর প্রশাসনিক ভবনের মুখে এমন পরিবেশ অত্যন্ত হতাশাজনক।

যোগাযোগ করা হলে নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির জনগণের ভোগান্তির সত্যতা স্বীকার করে বলেন, "সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর আগেই যদি আমার দায়িত্বকালীন সীমার মধ্যে সুযোগ থাকে, তবে দ্রুতই এই প্রবেশপথ ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ করব। পরিষদের সার্বিক পরিবেশ জনবান্ধব করতে যা যা করণীয়, আমার তরফ থেকে সেই চেষ্টা থাকবে।"

ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবাকেন্দ্রে সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের দ্রুত হস্থক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

—জা. অর্থনীতি/এলএটি