নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২
ছবি: জাতীয় অর্থনীতি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পাঁচদোনায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের ভাটপাড়া বাজার এলাকায় এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়ার বাসিন্দা হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।

পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে গাজীপুর থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজি নরসিংদী সদরের দিকে আসছিল। সকাল ৯টার দিকে পাঁচদোনার ভাটপাড়া বাজারের কাছে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা তীব্রগতির একটি কাভার্ডভ্যানের সাথে অটোরিকশাটির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং সিএনজি যাত্রী নুর উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর যাত্রী সাইদুল ইসলামকে সংকটাপন্ন অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

সংবাদ পেয়ে মাধবদী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশাসহ চালককে পুলিশ হেফাজতে নেয়।

দুর্ঘটনার বিষয়ে মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে আলোচনা ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

—জা. অর্থনীতি/এলএটি