ভূগর্ভে ১০০ কিলোমিটারের বেশি ‘মিসাইল সিটি’ নির্মাণ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ভূগর্ভে ১০০ কিলোমিটারের বেশি দীর্ঘ ‘মিসাইল সিটি’ নির্মাণ করেছে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সে সর্বোচ্চ নেতার প্রতিনিধি হোজ্জাতোলেসলাম মোহাম্মদ রেজা তোইসেরকানি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।

তোইসেরকানি বলেন, ইরান ভূগর্ভে ১০০ কিলোমিটারের বেশি দীর্ঘ ক্ষেপণাস্ত্র শহর নির্মাণ করেছে। এসব স্থাপনার সবগুলোই অক্ষত রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা ভূগর্ভে ১০০ কিলোমিটারের বেশি দীর্ঘ ক্ষেপণাস্ত্র শহর নির্মাণ করেছি। আল্লাহর রহমতে, আমাদের সব ক্ষেপণাস্ত্র স্থাপনা অক্ষত রয়েছে।’

ইরানের ড্রোন ও প্রতিরক্ষা খাতে অগ্রগতির বিষয়েও কথা বলেন আইআরজিসির এই কর্মকর্তা। তিনি জানান, দেশটি প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন প্রযুক্তিতে পৌঁছেছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে আগের তুলনায় নতুন সক্ষমতা অর্জন করেছে।

তোইসেরকানি বলেন, ‘আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন প্রযুক্তিতে পৌঁছেছি। আমাদের ড্রোনগুলো আগের ড্রোনের মতো নয়; আমাদের ক্ষেপণাস্ত্রগুলোও আগের ক্ষেপণাস্ত্রের মতো নয়।’

তার বক্তব্যে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার বিস্তৃতি এবং দেশটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অগ্রগতির দাবি উঠে এসেছে।

জা.অর্থনীতি/এসআই