তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরার বিরল সুযোগ পেয়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তরুণ সাইবার প্রকৌশলী মাহি আলম (রাতুল)। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘ব্ল্যাক হ্যাট এমইএ-ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF)’-এর মূল ফাইনালে বাংলাদেশের পাঁচটি দলের অন্যতম সদস্য হিসেবে অংশ নিচ্ছেন তিনি।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে সাইবার জগতের এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক প্রতিযোগিতা। আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী প্রিলিমিনারি রাউন্ডে অংশ নেওয়া হাজারো সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্য থেকে বাছাইকৃত সেরা ১৫০টি দল সরাসরি রিয়াদে চূড়ান্ত পর্বে মুখোমুখি হবে।
বিশ্বখ্যাত ‘ব্ল্যাক হ্যাট এমইএ’ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সারা বিশ্বের শীর্ষ সাইবার বিশেষজ্ঞ, হ্যাকার ও নিরাপত্তা বিশ্লেষকদের এই মিলনমেলায় বাংলাদেশের তরুণদের অংশগ্রহণকে এক বিশাল অর্জন হিসেবে দেখছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে লড়তে যাওয়া মাহি আলম (রাতুল) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি তাড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আশরাফুল আলম রুবেলের ছেলে।
ফাইনালে অংশগ্রহণকারী দলগুলোকে বাস্তবমুখী ও জটিল নানা সাইবার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। প্রতিযোগিতায় ওয়েব এক্সপ্লয়টেশন, সিস্টেম এক্সপ্লয়টেশন (PWN), ডিজিটাল ফরেনসিকস, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ক্রিপ্টোগ্রাফি এবং অ্যাটাক হ্যাকিংয়ের মতো স্পর্শকাতর বিষয়ে প্রতিযোগীদের মেধা, দক্ষতা ও দ্রুত সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই করা হবে।
তাড়াইলের তরুণ মাহি আলমের এমন আন্তর্জাতিক অর্জনে উচ্ছ্বসিত তাঁর পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, মেধা ও দূরদর্শিতার মাধ্যমে রিয়াদের মূল মঞ্চে সেরা পারফর্ম করে দেশের নাম উজ্জ্বল করবেন মাহি আলম।
—জা. অর্থনীতি/এলএটি