লালমনিরহাট প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনের যাত্রীবাহী বগি রেখে ইঞ্জিন একাই চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বগিগুলো লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার লেভেল ক্রসিং এলাকায় আটকে থাকায় প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। পরবর্তীতে লালমনিরহাট থেকে বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন এসে বগিগুলো নিয়ে বুড়িমারীর উদ্দেশ্যে রওয়ানা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক ১০০ গজ দূরত্বে লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি তুষভান্ডার স্টেশন পার হওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হুক ভেঙে যাত্রীবাহী বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সোজা লেভেল ক্রসিংয়ের ওপর গিয়ে থেমে যায়। ট্রেনচালক বগি বিচ্ছিন্নের বিষয়টি বুঝতে না পেরে একা ইঞ্জিন নিয়ে প্রায় ১ কিলোমিটার সামনে চলে যান। ব্যস্ততম লেভেল ক্রসিংয়ে পুরো ট্রেন আড়াআড়ি আটকে থাকায় মহাসড়কের উভয় পাশে শত শত দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ভোগান্তির বিবরণ দিয়ে স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, "লেভেল ক্রসিংয়ের ওপর হঠাৎ বগি আটকে থাকায় পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এই গরমে এক ঘণ্টা পুরো রাস্তা বন্ধ থাকায় দূর-দূরান্তের যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।"
তুষভান্ডার রেলওয়ে স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মূলত ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুক ভেঙে বা খুলে যাওয়ার কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে বিচ্ছিন্ন বগিগুলো যুক্ত করে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশ্যে রওনা হয়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।"
—জা. অর্থনীতি/এলএটি