জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে ২ বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ২৪(১)(খ) ও (গ) এবং ২৪(৩) ধারা অনুযায়ী বিশিষ্ট অধ্যাপক ও প্রতিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে নিয়োগপ্রাপ্তদের বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য নির্দেশক্রমে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: উপাচার্য
এর মধ্যে ২৪(১)(খ) ধারা অনুযায়ী বিশিষ্ট অধ্যাপক ক্যাটাগরিতে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা।
এছাড়া ২৪(১)(গ) ধারা অনুযায়ী প্রতিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সংশ্লিষ্টদের মনোনয়নের বিষয়টি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
—জা. অর্থনীতি/এনজে