শব্দদূষণ ঠেকাতে জাবির উদ্যোগে মহাসড়কে ‘নো হর্ন’ প্ল্যাকার্ড
ছবি: জাতীয় অর্থনীতি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী হলগুলোতে শব্দদূষণ কমাতে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে ঢাকা-আরিচা মহাসড়কে ‘নো হর্ণ’ প্ল্যাকার্ড স্থাপন এবং ছাত্রী হলসংলগ্ন এলাকায় শব্দদূষণ রোধে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলসহ ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ছাত্রী হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা। তাদের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ছাত্রী হলের শিক্ষার্থীরা জানান, নবনির্মিত আবাসিক হলগুলো ঢাকা-আরিচা মহাসড়কের খুব কাছাকাছি হওয়ায় তারা নিয়মিত শব্দদূষণের শিকার হচ্ছেন। বিশেষ করে মহাসড়কে চলাচলকারী বাস ও গাড়ির হর্নের কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, বাস-গাড়ির হর্ন নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন স্থানে ‘নো হর্ণ’ প্ল্যাকার্ড স্থাপনের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।

তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পর পরিবেশ অধিদপ্তরের একটি পরিদর্শন দল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ছাত্রী হল ও অন্যান্য স্থান পরিদর্শন করেছে।

শব্দদূষণ রোধে ছাত্রী হলসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীরের ভেতরে ও বাইরে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য।

এ ছাড়া পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ‘গ্রিন ক্লাব’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পরিদর্শনকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা মহানগর) ফরিদ আহমেদ, ঢাকা অঞ্চলের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের উপ-পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন এবং ঢাকা জেলার উপ-পরিচালক মো. ইলিয়াসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় হলের ওয়ার্ডেন, হল সুপার ও বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম প্রতিনিধিরাও তাঁদের সঙ্গে ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ছাত্রী হলগুলোর শব্দদূষণের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে।

—জা. অর্থনীতি/এলএটি