মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ ৮১ হাজার ২৪৫ টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরের দিকে গাংনী উপজেলার শেওড়াতলা ও রংমহল সীমান্তে এসব সফল অভিযান পরিচালনা করে বিজিবির বিশেষ টহল দল। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশেদ কামাল রনি।
বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত পথে চোরাচালানি পণ্য আসার গোপন সংবাদের ভিত্তিতে শেওড়াতলা পুকুরপাড় এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘ফেয়ারডিল’ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩৮ হাজার টাকা।
অন্যদিকে, একই সময়ে পরিচালিত অপর এক অভিযানে রংমহল সীমান্ত এলাকা থেকে বিজিবির টহল দল ২ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫৯ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে। উদ্ধারকৃত এসব ওষুধের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৪৩ হাজার ২৪৫ টাকা।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি