মনি কিশোরকে স্মরণ করে আবেগী ওমর সানী

বিনোদন ডেস্ক: ‘কি ছিলে আমার/ বলোনা তুমি/ আছি তো আগের মতো/ এখনো আমি’- মনি কিশোরের কণ্ঠে জনপ্রিয় এই গান আজও শ্রোতাদের মনে দাগ কেটে যায়। উত্তম আকাশ পরিচালিত ‘কে অপরাধী’ সিনেমায় ওমর সানীর লিপে দেখা গিয়েছিল গানটি। সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। সেই গান ও মনি কিশোরের স্মৃতি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন ওমর সানী।

মনি কিশোরকে স্মরণ করে নিজের ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘কি ছিলে আমার বলোনা তুমি/ আছি তো আগের মতো এখনো আমি।’

এরপর প্রয়াত এই শিল্পীর সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণ করে ওমর সানী লিখেছেন, ‘মনি কিশোর। গায়ক। বেশ কিছুদিন আগে মরে পড়ে ছিল তিনদিন ঘরের মধ্যে। দুর্গন্ধে পুলিশ এসে তাকে দাফন করে। তার জীবনে ভীষণ অবদান রেখেছিল উত্তম দা। আমি তার সঙ্গে ছিলাম।’

মনি কিশোরের অভিমানী স্বভাবের কথাও স্মরণ করেন ওমর সানী। তিনি লিখেছেন, ‘ভীষণ অভিমানী ছিলেন। অভিমান করে চলে গেলেন। কিন্তু বন্ধু মনি কিশোর, তোমার গান নিয়ে এখনো চর্চা হয়।’

স্ট্যাটাসের শেষে প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ওমর সানী লিখেছেন, ‘কি ছিলে আমার বলোনা তুমি... শ্রদ্ধা মনি কিশোর।’

মনি কিশোর ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন। তার কণ্ঠের অসংখ্য গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। মৃত্যুর পরও তার গাওয়া গান নিয়ে শ্রোতাদের আগ্রহ ও চর্চা অব্যাহত রয়েছে। তিনি ২০২৪ সালের ২০ অক্টোবর মারা যান।

—জা.অর্থনীতি/আরএস