শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
ছবি: জাতীয় অর্থনীতি

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও আটক করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।

আটক রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পথ ব্যবহার করে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার হতে পারে- এমন সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই অংশ হিসেবে রুদ্রপুর সীমান্ত এলাকা দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাশি চালায় বিজিবির বিশেষ টহল দল।

এ সময় মোটরসাইকেলচালক রিপনের কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরবর্তীতে স্বর্ণের বার উদ্ধার দেখিয়ে তাকে আটক করা হয় এবং পাচারে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান বিরোধী আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি