যদি মানুষকে

মুহম্মদ নূরুল হুদা

মানুষকে 
মানুষ বানানো খুব কি সহজ?
মানুষকে মানুষ বানানো 
খুব কঠিনও তো নয়।
মানুষকে মানুষ বানাতে লাগে না মগজ।

জন্ম 
থেকে মৃত্যু তক 
যে পূর্ণ মানুষ রয়,
সে কখনো অমানুষ নয়; 
সে তো মানুষ সঠিক।

কেন সে-ও 
হলো অমানুষ, 
খোঁজো দিগ্বিদিক।

বাঘকে মানালে পোষ
মানুষের হাতে দেয়া মাংস চিবায়, 
আর খাঁচায় অবাঘ হয়ে যায়।
স্বার্থসুখী মানুষেরা শুধু স্বার্থ চায়,
আর ক্ষণে ক্ষণে স্বরূপ পাল্টায়।

মানুষকে 
মানুষ রাখতে চাও? 
তবে তাকে চিড়িয়া বানাও।

লোহার খাঁচায় পুরে 
তাকে চিড়িয়াখানায় নাও।
ঘর হোক দেশ হোক, হোক এই পৃথিবী-স্বদেশ।
চিড়িয়াখানার পোষা মানুষ কি বদলাবে বেশ?

তবে
বদলাক বা না বদলাক,
নিরীক্ষাটা আসলেই দরকার।
চিড়িয়াখানায় যদি একবার দেখা মেলে তার --
যদি দেখা মেলে কোনো মানুষের অবিকৃত মানবসত্তার!