বিনোদন ডেস্ক: শারদীয় দুর্গোৎসবে মেতে উঠেছেন সারা দেশের সনাতন ধর্মাবলম্বীরা। আনন্দ আর উৎসবে ভরা এই ক্ষণে পিছিয়ে নেই বিনোদন জগতের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন পূজার নানা মুহূর্ত, শৈশবের অমলিন স্মৃতি আর হৃদয়ের গভীর থেকে আসা শারদীয় শুভেচ্ছা।
পরিবারের সঙ্গে রঙিন সময় কাটানো, মণ্ডপে মণ্ডপে ঘুরে দেবী দর্শন, অতীতের দিনগুলোর আবেগঘন স্মৃতিচারণ কিংবা দেবী দুর্গার রূপক সাজে অভিনব শ্রদ্ধাঞ্জলি—নানা রূপে ধরা দিয়েছেন তারকারা।
জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম স্বামী সনি পোদ্দার ও পরিবারের সদস্য সমন্বয়ে মেতেছেন উৎসবের আনন্দে। মহাষষ্ঠীর দিন প্রিয়জনদের সঙ্গে কাটানো হাসিখুশিময় মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ ষষ্ঠী’। পাঁচ দিনব্যাপী এই উৎসবের সূচনাতেই মিমের এমন পারিবারিক ও নান্দনিক উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।
অন্যদিকে, অভিনেত্রী পূজা চেরি ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে। প্রতিমার সামনে তোলা নানা ছবি অনুসারীদের সঙ্গে শেয়ার করার পাশাপাশি মহাসপ্তমীর দিন নারীদের ক্ষমতা ও সাহসিকতার বার্তা দিয়েছেন তিনি। পূজা লেখেন, ‘দেবী শুধু প্রতিমায় নন; দেবী বিরাজ করেন প্রতিটি নারীর সাহসে, প্রতিবাদে এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্পে।’ আলো ও ফুলে ভরা উৎসবের আমেজ কামনার পাশাপাশি দেবীর আশীর্বাদে যেন সবার ক্লান্ত হৃদয় শান্ত হয়, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে দুর্গাপূজা মানেই যেন স্মৃতি আর কিছুটা বিষাদ। কয়েক বছর আগে মাকে হারানোর পর থেকে পূজার আমেজ আর আগের মতো তাকে আনন্দ দেয় না। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু জানান, কোনো বিশেষ পরিকল্পনা ছাড়াই পূজার দিনগুলো তিনি ঢাকাতেই কাটাবেন। তা সত্ত্বেও সবার জীবনে যেন এই উৎসব আনন্দ ছড়ায়, সেই শুভকামনা জানিয়েছেন তিনি।
অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী রোববার নিজের কিছু মিষ্টি ছবি পোস্ট করার পাশাপাশি একটি কাব্যিক বার্তা শেয়ার করেন। তিনি লেখেন, ‘রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব। হাত দিয়ে তো দ্বার খুলব না, গান দিয়ে দ্বার খোলাব।’ ভালোবাসাকে কোনো বাহ্যিক অলঙ্কারে না বেঁধে হৃদয়ের অনুভূতি দিয়ে প্রকাশের বার্তা ফুটে উঠেছে তার এই লেখায়।
উপস্থাপক ও নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত রোববার সপ্তমীর দিন তার উৎসবের পোশাকের ছবি শেয়ার করে লেখেন, ‘আজ সপ্তমীর দ্বিতীয় প্রহরে পরেছি রক্তিম লাল শাড়ি।’ প্রথাগত পোশাকে চমৎকার এক পূজার লুক ফুটিয়ে তুলেছেন তিনি।
চিত্রনায়ক বাপ্পি চৌধুরী সোমবার পরিবারের সঙ্গে কাটানো কিছু ছবি শেয়ার করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘দুর্গাপূজার পুণ্য আলো আপনার জীবন থেকে সব দুঃখ মুছে দিক, জাগিয়ে তুলুক নতুন আশা ও স্বপ্ন।’
সংগীতশিল্পী অনিমা রায়ও মহাসপ্তমীতে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের ভালোবাসা ও সম্প্রীতির আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, ‘জীবন খুব ছোট! তাই সুযোগ পেলেই আনন্দ ছড়িয়ে দিন, হিংসা নয়। সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা!’
প্রতি বছর গ্রামে গিয়ে পূজা উদ্যাপন করলেও এবার শুটিংয়ের ব্যস্ততার কারণে ঢাকায় অবস্থান করছেন অভিনেতা মনোজ প্রামাণিক। শৈশবের দিনগুলোর স্মৃতিচারণ করে মনোজ জানান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে যত ব্যস্ততাই থাকুক, পূজায় গ্রামে যাওয়া চাই-ই চাই। আত্মীয়দের সঙ্গে সময় কাটানো, মণ্ডপে ঘুরে বেড়ানো আর পূজার ঐতিহ্যবাহী নাড়ু খাওয়ার সেই স্মৃতিগুলো আজও তার মানসপটে অমলিন।
এদিকে, ধর্মবিশ্বাসে মুসলিম হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিয়ে তাক লাগিয়েছেন অভিনেত্রী পরীমনি। গত রবিবার লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট এবং হাতে পদ্মফুল নিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি। দেবী দুর্গার অবয়বে তার এই সৃজনশীল রূপ সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা কুড়ায়। ক্যাপশনে পরীমনি লেখেন, ‘অধর্মের ওপর ধর্মজয় হোক’।
পরিবারের সঙ্গে আড্ডা, শৈশবের স্মৃতিকাতরতা কিংবা সম্প্রীতির বার্তা—সব মিলিয়ে শোবিজ তারকাদের এই উদ্যাপনে স্পষ্ট হয়ে উঠেছে দুর্গাপূজার সার্বজনীন ও উৎসবমুখর রূপ।