হরমুজে ট্র্যাকিং বন্ধের পর তেলবাহী জাহাজে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে প্রবেশের সময় জাহাজটি তার ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

ইরানের মেহর নিউজ এজেন্সি এর আগে কেশম দ্বীপের উপকূলের কাছে বিস্ফোরণের শব্দ শোনার খবর দেয়। তাদের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নির্ধারিত নিয়ম লঙ্ঘনের অভিযোগে লক্ষ্য করে গুলি চালানোর সঙ্গে এসব বিস্ফোরণের সম্পর্ক থাকতে পারে।

তবে বিস্ফোরিত জাহাজটির পরিচয়, এতে কেউ হতাহত হয়েছে কি না কিংবা কোনো ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না-তাৎক্ষণিকভাবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছিলেন, হরমুজ প্রণালির আকাশসীমার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এবং এই জলপথ দিয়ে তেল পরিবহন নিরাপদ রাখতে তারা কাজ করছে। তার দাবি, সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে প্রণালিটি দিয়ে তেল পরিবহনের পরিমাণ বেশি।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করেছিল ইরান। জুনে একটি চুক্তির পর অল্প সময়ের জন্য জলপথটি আবার খুলে দেওয়া হলেও উত্তেজনা বাড়ার পর জুলাইয়ের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ফের অবরোধ শুরু করে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধ কার্যকর করতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের বাহিনী ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। এর মধ্যে আগের সপ্তাহেই ছিল ১০টি জাহাজ।

জা.অর্থনীতি/এসআই