অনলাইন ডেস্ক: আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। জাতি গঠনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিচ্ছে সরকার।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ দুপুর ২টায় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি ও অতিথিরা উপস্থিত থাকবেন।
সম্মাননা পাওয়া প্রতিটি শিক্ষককে নগদ ২ লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে। শিক্ষকদের মেধা, দক্ষতা ও শিক্ষা ক্ষেত্রে অবদানের মূল্যায়ন করে তাদের এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।
প্রাথমিক থেকে উচ্চশিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা-বিভিন্ন স্তরের শিক্ষক রয়েছেন সম্মাননার তালিকায়। বিশেষ সার্চ কমিটির মাধ্যমে যাচাই-বাছাই শেষে ১০১ জন শিক্ষকের তালিকা চূড়ান্ত করা হয়।
ইউনেসকোর ঘোষণা অনুযায়ী, প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকদের অবদান ও পেশাগত মর্যাদার স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদার ওপর।
জা.অর্থনীতি/এসআই