‘দেশে ৪,৫৯৯টি খেলার মাঠ ও মিনি স্টেডিয়াম প্রস্তুত হচ্ছে’
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে ছড়িয়ে দিতে ও প্রতিটি উপজেলায় আধুনিক ক্রীড়া অবকাঠামো নিশ্চিত করতে ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত এবং প্রতি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের মেগা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্কুল মাঠে ‘শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমি’ এবং তরুণ খেলোয়াড়দের সুবিধার্থে নবনির্মিত ড্রেসিং রুমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “একটি মানবিক ও সুস্থ ধারার বাংলাদেশ গঠনে খেলাধুলা ও ক্রীড়া সংস্কৃতির কোনো বিকল্প নেই। সরকারের লক্ষ্য কেবল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, বরং বছরব্যাপী নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে উদীয়মান প্রতিভাদের প্রস্তুত করে বৈশ্বিক অঙ্গনে পদক জয় করা।”

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া স্কুল মাঠের সংস্কার ও আধুনিকায়ন কাজ সরজমিনে পরিদর্শন করেন এবং প্রাঙ্গণে স্মারক হিসেবে দুটি ফলদ ও বনজ বৃক্ষরোপণ করেন।

পরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “শ্রীমঙ্গল রেলওয়ে খেলার মাঠসহ দেশের যেখানেই খেলার মাঠ অবৈধভাবে দখল করে রাখা হয়েছে, তার সবই দ্রুত উদ্ধার করা হবে। ক্রীড়া ক্ষেত্রে কোনো দখলদারত্ব বরদাশত করা হবে না।” বক্তব্য চলাকালেই তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বেদখল হওয়া মাঠগুলো উদ্ধারে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, জেলা পর্যায়ের বিদ্যমান স্টেডিয়ামগুলোকে আধুনিকায়নের মাধ্যমে অল-ইন-ওয়ান ক্রীড়া কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে। সেখানে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত তরুণদের জন্য খেলার মাঠ তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ সরফু, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আব্দুল ওয়াহিদ রাজু, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এবং উপজেলা বিএনপি নেতা মো. তাজ উদ্দিন তাজিসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরবর্তীতে দুপুর আড়াইটায় শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্টে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা ও জয়েন্ট স্পোর্টস কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী।  

—জা. অর্থনীতি/এলএটি