কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) ইকুয়েটর প্রদেশে কঙ্গো নদীতে দুই নৌযানের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, রবিবার সন্ধ্যায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের এনগোম্বে-লুকোলেলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কঙ্গো নদীতে চলাচলের সময় ‘দিয়ু সে কাশ’ নামের একটি ধাতব নৌযানের সঙ্গে ‘এইচবি সুপার ভিক্তোয়ার’ নামের কাঠের নৌযানের সংঘর্ষ হয়।

ইকুয়েটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এজেন্স কঙ্গোলেজ দ্য প্রেসকে জানান, ধাতব নৌযানটি রাজধানী কিনশাসা থেকে আসছিল। অন্যদিকে কাঠের নৌযানটি আসছিল বুসিঙ্গা থেকে। সংঘর্ষের পর দুটি নৌযানই ডুবে যায়। অধিকাংশ যাত্রী পানির নিচে আটকা পড়েন।

এ ঘটনায় ডুবে যাওয়া ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের দাফন সম্পন্ন হয়েছে বলে জানান প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে রাতে নৌযান চলাচলের কারণে দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এমপুতু। প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তাকর্মী জানান, কিনশাসা থেকে আসা নৌযানটি পণ্যবোঝাই অবস্থায় অতিরিক্ত ভার বহন করছিল।

ডিআর কঙ্গোতে নৌদুর্ঘটনা প্রায়ই ঘটে। অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহন, রাতে চলাচল, দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং দুর্গম এলাকায় অবকাঠামোর অভাব এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

জা.অর্থনীতি/এসআই