অনলাইন ডেস্ক: শ্রীমঙ্গলের মেঘের বাড়ি ইকো রিসোর্টে লিডো ও পারনোভার যৌথ উদ্যোগে ক্রাফট (KRAFT) মডেল নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত এই কর্মশালায় লিডোর ২৮ কর্মকর্তা ও কর্মী অংশ নেন।
কর্মশালায় পারনোভা, সুইজারল্যান্ড এবং ফ্রেন্ডস অব স্ট্রিট চিলড্রেন বাংলাদেশের অতিথি ও প্রশিক্ষকেরাও উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন পারনোভা, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট রজার হামবেল, প্রশিক্ষক লুকাস জুরখার, যুক্তরাজ্যের অতিথি মাইক শেরিফ এবং লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ফরহাদ হোসেন।
কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল ক্রাফট মডেলের ধারণা ও পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতা বাড়ানো। পাশাপাশি এসব ধারণা দৈনন্দিন কার্যক্রমে যুক্ত করে ঝুঁকিপূর্ণ ও পথ-সংযুক্ত শিশুদের সঙ্গে বাস্তব কাজের ক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগের দক্ষতা তৈরি করাও ছিল এর লক্ষ্য।
ক্রাফট (KRAFT) মডেল খেলাভিত্তিক ও অংশগ্রহণমূলক শিক্ষার মাধ্যমে দলগত কাজ, ন্যায্যতা ও অহিংস যোগাযোগকে উৎসাহিত করে। বাংলাদেশে লিডো তাদের ‘স্কুল আন্ডার দ্য স্কাই’ কর্মসূচির মাধ্যমে শিক্ষামূলক কার্যক্রমে কেআরএএফটি গেমস ব্যবহার করছে।
পারনোভার প্রেসিডেন্ট রজার হামবেল ও প্রশিক্ষক লুকাস জুরখার তাত্ত্বিক আলোচনা এবং ব্যবহারিক অনুশীলনের সমন্বয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন। বিভিন্ন খেলা ও কার্যক্রমের মাধ্যমে যোগাযোগ, অংশগ্রহণ, দলগত কাজ, ন্যায্যতা এবং শিশুদের সঙ্গে ইতিবাচক সম্পৃক্ততার বিষয়গুলো হাতে-কলমে তুলে ধরা হয়।
কর্মশালার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘স্কুল আন্ডার দ্য স্কাই’ কর্মসূচির সঙ্গে যুক্ত পথ-সংযুক্ত শিশুদের নিয়ে ব্যবহারিক সেশন। বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে কাঠামোবদ্ধ খেলাধুলা কীভাবে শিশুদের জন্য সহায়ক, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে, তা তুলে ধরা হয়।
প্রশিক্ষকেরা বলেন, কেআরএফটি শুধু প্রশিক্ষণ কার্যক্রম হিসেবে নয়, বরং প্রতিদিনের কাজ ও পারস্পরিক যোগাযোগের অংশ হিসেবে প্রয়োগ করলেই এর কার্যকারিতা বাড়ে।
সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। লিডো আশা করছে, এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের নিয়ে কাজের ক্ষেত্রে তাদের কর্মীদের অংশগ্রহণমূলক পদ্ধতি ব্যবহারের সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং চলমান শিক্ষা ও শিশু সুরক্ষা কর্মসূচিতে ক্রাফট-ভিত্তিক কার্যক্রম আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব হবে।
—জা. অর্থনীতি/এলএটি