পায়রায় ভিড়ল চীনা জাহাজ 'ফান ঝৌ-৬', টার্মিনালে যুক্ত হচ্ছে আধুনিক ৫ সরঞ্জাম
ছবি: জাতীয় অর্থনীতি

পটুয়াখালী প্রতিনিধি: দীর্ঘ ২ বছরের বিরতি শেষে পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চীনের পতাকাবাহী জাহাজ "ফান ঝৌ-৬"। 

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বন্দরের জন্য কেনা আধুনিক ৫টি কার্গো হ্যান্ডিলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালে নোঙর করে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, টার্মিনালে কার্গো ও কনটেইনার হ্যান্ডিলিং কার্যক্রম আরও দ্রুত এবং আধুনিক করতেই এসব ইকুইপমেন্ট আনা হয়েছে।

নতুন আসা যন্ত্রপাতির মধ্যে রয়েছে— ৮০ টন ধারণক্ষমতাসম্পন্ন দুটি কোয়ে গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতাসম্পন্ন দুটি টায়ারড গ্যান্ট্রি ক্রেন এবং ৮০ হাজার টন ক্ষমতাসম্পন্ন একটি মোবাইল হারবার ক্রেন।

মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, হতাশ জেলেরা

১৬৮ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার ড্রাফটের (গভীরতা) এই জাহাজটি গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে 'এমভি জেইন' এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে 'এমভি ডা হং-১৬' নামের দুটি মাদার ভেসেল বন্দরের প্রথম টার্মিনালে নোঙর করে পণ্য খালাস করেছিল।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম জানান, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সংকট দূর করতে ড্রেজিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি পায়রাকে একটি পূর্ণাঙ্গ ডিজিটালাইজড পোর্ট হিসেবে গড়ে তুলতে নানা সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

—জা. অর্থনীতি/এনজে