নানা পাটেকরের বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়লেন ভক্ত

বিনোদন ডেস্ক: হিন্দি ও মারাঠি সিনেমার কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা দেশ। পুনেতে তাঁর বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়ছেন ভক্ত-অনুরাগীরা। পুনেতে রাষ্ট্রীয় মর্যাদায় অভিনেতার শেষকৃত্য হওয়ার আয়োজন চলছে।

জানা গেছে, পুনের দোনাজে এলাকার ‘নানাচি ওয়াড়ি’ নামক নানা’র নিজস্ব বাসভবনের বাইরে এক ভক্তের কান্নায় ভেঙে পড়ার একটি আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  যা মূলত এই মহান অভিনেতার প্রতি সাধারণ মানুষের ভালোবাসার গভীরতা ফুটিয়ে তুলেছে। ভিডিওটিতে দেখা গেছে, প্রিয় অভিনেতার চলে যাওয়ার খবরে এক ভক্ত নিজেকে সামলাতে না পেরে অঝোরে কাঁদছেন এবং অন্য এক ব্যক্তি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।   

প্রায় পাঁচ দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে নানা পাটেকর ‘পিরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘ওয়াজুদ’, ‘অব তক ছাপ্পান’, ‘অপহরণ’, ‘নটসম্রাট’ এবং কমেডি ঘরানার ‘ওয়েলকাম’-এর মতো আলোচিত সব চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে নিজের অসাধারণ অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছিলেন এই অভিনেতা।

মৃত্যুসংবাদ পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, অক্ষয় কুমার এবং বলিউডের শীর্ষস্থানীয় তারকারা গভীর শোক প্রকাশ করেছেন। চলচ্চিত্র ও থিয়েটারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ সন্ধ্যায় পুনের দোনাজেতে তার নিজস্ব ফার্মহাউসে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই প্রবীণ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শোকস্তব্দ বলিউড বাসিন্দাদের অনেকেই ধ্রুপদী অভিনেতার এই আকস্মিক প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন। 

উল্লেখ্য যে, বৃহস্পতিবার (৮ অক্টোবর, ২০২৬) সকালে গোয়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বহুমুখী প্রতিভার এই ধ্রুপদী অভিনেতা। হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত সব চেষ্টা ব্যর্থ হয় এবং সকাল ৫:২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

জা. অর্থনীতি/এআর