জাতীয় অর্থনীতি বিনোদন: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের আরও একটি ঐতিহাসিক অর্জন যুক্ত হলো। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া টরন্টো’ (আইএফএফএসএ) ২০২৬-এ সেরা অভিনেত্রীর (আন্তর্জাতিক ফিচার) পুরস্কার জয় করেছেন বাংলাদেশি জাইনীন করিম চৌধুরী।
চলতি ৮ থেকে ১৮ অক্টোবর উত্তর আমেরিকায় আয়োজিত দক্ষিণ এশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় এই উৎসবে বিচারকমণ্ডলী তার নির্ভীক অভিনয় ও শারীরিক ব্যাকুলতার ভূয়সী প্রশংসা করেন।
ঢাকার ঐতিহ্যবাহী এক বিউটি পার্লার’কে কেন্দ্র করে গড়ে ওঠা গল্পের এই চলচ্চিত্রে পরিবারের প্রত্যাশা, দমন ও প্রতিরোধের মুখে এক হবু কনের অভ্যন্তরীণ প্রতিবাদের চরিত্রটি অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন জাইনীন।
খনা টকিজ প্রযোজিত এই আন্তর্জাতিক প্রজেক্টটিতে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন ও শতাব্দী ওয়াদুদের মতো তারকা অভিনেতাগণ। কানাডায় অর্জিত এই স্বীকৃতি ছবিটির আন্তর্জাতিক সাফল্যের যাত্রায় নতুন এক পালক যুক্ত করল।
উল্লেখ্য, এর আগে বিশ্বনন্দিত ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব এবং টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে উচ্চ প্রশংসা কুড়িয়েছে বহুল আলোচিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
জা. অর্থনীতি/এআর