গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় জহুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে গোবিন্দগজ্ঞ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলামের সঙ্গে তার প্রতিবেশী জিহাদ আকন্দ ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমি এবং সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার জিহাদ আকন্দ লোকজন নিয়ে বিরোধপূর্ণ স্থানে সীমানা প্রাচীর দিতে যান। এ সময় জহুরুল ইসলাম সীমানা নির্ধারণের আগে নির্মাণকাজ না করার অনুরোধ জানিয়ে বাধা দেন।
চিকিৎসকের অবহেলায় পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিহাদ আকন্দ ও তার লোকজন জহুরুল ইসলামের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
—জা.অর্থনীতি/