স্পোর্টস ডেস্ক: আর্থিক অনিয়মের অভিযোগে আইনি জটিলতার মুখে থাকা ম্যানচেস্টার সিটির সমর্থকদের ঐক্যবদ্ধ ও ইতিবাচক থাকার আহ্বান জানিয়েছেন নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড। ক্লাবের কঠিন সময়ে সমর্থকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হলান্ড বলেন, পরিস্থিতি যা-ই হোক, সবাইকে একসঙ্গে থাকতে হবে, পরস্পরের পাশে দাঁড়াতে হবে এবং ইতিবাচক মনোভাব ধরে রাখতে হবে। ফুটবল ম্যাচ জেতার পাশাপাশি বর্তমান সময়টাও উপভোগ করার আহ্বান জানান তিনি।
ম্যানচেস্টার সিটির প্রতি নিজের আবেগের কথা জানিয়ে হলান্ড বলেন, ক্লাব ও সমর্থকদের নিয়ে তিনি অনেক ভাবেন। নিজেকেও একজন সমর্থক মনে করেন উল্লেখ করে তিনি সমর্থকদের অনুভূতি বুঝতে পারেন বলে জানান।
এদিকে ক্লাবটির আর্থিক কর্মকাণ্ড নিয়ে স্বাধীন কমিশনের তদন্তে গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুমের মধ্যে বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে কিছু ভুয়া চুক্তির মাধ্যমে গোপন অর্থায়নব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। এর মাধ্যমে প্রায় ৮৩০ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত রাজস্ব দেখানোর অভিযোগ রয়েছে। প্রিমিয়ার লিগ ও উয়েফার ব্যয়সীমা এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে এসব করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কমিশন নিয়ন্ত্রক সংস্থার নিয়ম ভঙ্গের ১০০টিরও বেশি অভিযোগ বহাল রেখেছে। তদন্ত চলাকালে যথাযথ সহযোগিতা না করার অভিযোগও রয়েছে।
আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তি করতে চাইলেও সিটির আপিল প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। নতুন নিয়মে ১২ সপ্তাহের মধ্যে আপিল নিষ্পত্তির লক্ষ্য থাকলেও, ২০২৩ সালে শুরু হওয়া মামলায় নিয়মটি পূর্বপ্রযোজ্য করা নিয়ে ক্লাবটির আইনজীবীরা আপত্তি তুলতে পারেন। এর আগে তদন্তের নিরপেক্ষতা নিয়েও উদ্বেগ জানিয়েছিল সিটি।
জা.অর্থনীতি/এসআই