আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে জনতার পার্টির (সিজেপি) পরিকল্পিত বিক্ষোভের আগে বিমান থেকে আটক করা হয়েছে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে। শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর বিমান থেকে নামার আগেই দিল্লি পুলিশ তাকে আটক করে। এ সময় দলের আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিমানটির ভেতরে পুলিশ প্রবেশ করার সময় অভিজিৎ দীপকে ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার শুরু করেন। ওই ভিডিওতে পুলিশ সদস্যদের সঙ্গে সিজেপি নেতাদের কথা-কাটাকাটি করতে দেখা যায়। পুলিশ কেন তাদের বিমান থেকে নামার জন্য অপেক্ষা করেনি, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
ভিডিওতে অভিজিৎকে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আমরা ভয় পাই না, গ্রেপ্তার করুন।’ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জন্তর মন্তরে বিক্ষোভে নেতৃত্ব দিতে তিনি মুম্বাই থেকে দিল্লি গিয়েছিলেন।
এর আগে ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজেপির আইনবিষয়ক শাখার প্রধান রত্না সিংকেও তাদের বাসা থেকে আটক করা হয়। বিক্ষোভে যোগ দেওয়া ঠেকাতেই তাদের আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে, দিল্লি পুলিশের দাবি, নির্ধারিত সময়ের যথেষ্ট আগে অনুমতি চাওয়া হয়নি বলে শুক্রবার বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন স্থান থেকে রাতভর চার শতাধিক সন্দেহভাজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লিতে ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ এবং বেশ কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
জা.অর্থনীতি/এসআই