সেরা নারী অভিনয়শিল্পী মেহজাবীন

বিনোদন ডেস্ক: ‘নীল সুখ‘ সিরিজে অভিনয়ের জন্য ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ পপুলার বিভাগে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন মেহজাবীন চৌধুরী। নিজের পুরস্কার পরিচালক ভিকি জাহেদকে উৎসর্গ করেন মেহজাবীন।

ভিকি জাহেদ পরিচালিত বিঞ্জের এই সিরিজটির গল্প আবর্তিত হয়েছে অর্পা (মেহজাবীন চৌধুরী) ও মারুফের (ফাররুখ আহমেদ রেহান) তীব্র প্রেমকে ঘিরে। রোমান্স ও হৃদয়ভাঙার গল্পের সঙ্গে এতে রয়েছে অস্বস্তিকর মনস্তাত্ত্বিক আবহ। 
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে পরিচালনায় যাত্রা শুরু করেন ভিকি জাহেদ। পরে টেলিভিশনে কাজ করে পরিচিতি পান তিনি। পর্দায় থ্রিলার, অতিপ্রাকৃত ও রহস্যনির্ভর গল্প বলার ধরনে নিজস্বতা তৈরি করেছেন এই পরিচালক। মেহজাবীনের কাছ থেকে উৎসর্গ পেয়ে তিনি নিজেও সন্তুষ্ট। একই আসরে পপুলার বিভাগে ‘আকা’ সিরিজের জন্য ভিকিও পান সেরা পরিচালকের পুরস্কার।

এদিকে ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন মেহজাবীন। এরপর টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের বিনোদন জগতকে আরও বিকশিত এবং ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী, কনটেন্ট ও কনটেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত বসে এই আসর। দেশের দ্রুত বিকাশমান ডিজিটাল বিনোদন জগতের সৃজনশীলতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ আয়োজনে পুরস্কার দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের সেরাদের।

জা অর্থনীতি/এআর