জাতীয় অর্থনীতি সারাবাংলা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে বিপ্রদাস মন্ডল (২৭) নামে এক জাপান প্রবাসী তরুণকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে।
গত ৭ অক্টোবর বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বরইহাটি মন্ডলবাড়ি এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত বিপ্রদাস মন্ডল ওই এলাকার বিরেন মন্ডলের ছেলে।
এ ঘটনায় আহত প্রবাসীর বড় ভাই বিতুল মন্ডল বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় দুইজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন-একই এলাকার দিনবন্ধু মন্ডলের দুই ছেলে অরুন মন্ডল (৪৮) ও পলাশ মন্ডল (৪০)।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাদী ও অভিযুক্তরা পাশাপাশি বাড়ির বাসিন্দা এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিপ্রদাসের বাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে জাপান প্রবাসী বিপ্রদাসের মাথায় শক্ত কাঠ দিয়ে সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন এবং তার চোখের পর্দা ফেটে যায়। পরবর্তীতে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় এবং লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।
হামলার পর স্থানীয় বাসিন্দারা বিপ্রদাসকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বিপ্রদাসের বাবা বিরেন মন্ডল আকুতি জানিয়ে বলেন, "আমার ছেলে দীর্ঘদিন পর জাপান থেকে বিয়ে করার উদ্দেশ্যে কয়েকদিনের ছুটিতে বাড়ি এসেছিল। প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
এদিকে ঘটনার পর অভিযুক্তদের বাড়িতে গিয়ে কোনো পুরুষ সদস্যকে পাওয়া যায়নি। তবে তাদের স্ত্রীরা ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্তদের পাওয়া যায়নি।
স্থানীয় গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমেন ঢালী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ওসি জানান, জাপান প্রবাসী বিপ্রদাসের ওপর হামলার ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি