জাতীয় অর্থনীতি সারাবাংলা: আলোকিত লালমনিরহাট গড়তে তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করা, দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রোববার (১১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে 'জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬'-এর জমকালো উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, "একসময় লালমনিরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত জমজমাট ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হতো। কিন্তু দীর্ঘ ১৭ বছর সেই ধারাবাহিকতা বন্ধ ছিল। তালাবদ্ধ অবস্থায় স্টেডিয়াম প্রাঙ্গণে ঘাস ও আগাছা জন্মে খেলার পরিবেশ নষ্ট হয়েছিল। পরবর্তীতে মাঠটিকে নতুন করে প্রস্তুত ও সংস্কার করা হয়েছে।"
তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা গেলে মাদকমুক্ত সমাজ গঠন এবং পথভ্রষ্ট যুবসমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা সহজ হবে। গ্রামে গ্রামে খেলার প্রতি তরুণদের ইতিবাচক সাড়া ও আগ্রহ এই আয়োজনের প্রধান সাফল্য বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতা ও নির্দেশনায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অভিভাবকদের উদ্দেশে তিনি সন্তানদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলায় নিয়মিত উৎসাহিত করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আব্দুল হাকিম ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান সহ স্থানীয় সুশীল সমাজ ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি