ইমরান-লেখার সঙ্গে আটকের পর আঘাতের চিহ্ন প্রকাশ্যে আনলেন জ়েন

আন্তর্জাতিক ডেস্ক: মুম্বইয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটকের পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখিয়েছেন অভিনেত্রী জ়েন মেরি খান। ১১ অক্টোবর ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিয়োয় হাত, আঙুল ও পায়ের দাগ তুলে ধরেন বলিউড অভিনেতা আমির খানের ভাইঝি। এ ঘটনায় তার বক্তব্য ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

গত ১০ অক্টোবর মুম্বইয়ের ক্রান্তি ময়দান থেকে জ়েন মেরি, অভিনেতা ইমরান খান এবং তার প্রেমিকা লেখা ওয়াশিংটনকে আটক করে পুলিশ। ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির প্রতি সমর্থন জানাতে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। কয়েক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

আটকের পর প্রকাশিত ভিডিয়োয় শরীরের আঘাতের দাগ দেখানোর পাশাপাশি জ়েন বলেন, ‘প্রথমত, এত ভয় দেখিয়ো না যে, আর ভয় অবশিষ্টই না থাকে।’ ভিডিয়োর ক্যাপশনেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

এর আগে পুলিশের ভ্যানের ভিতর থেকে ইমরান ও লেখার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন জ়েন। সেখানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লেখার পাশাপাশি ইমরানকে হাসিমুখে বিজয়চিহ্ন দেখাতে দেখা যায়।

আটকের অভিজ্ঞতা নিয়ে সমাজমাধ্যমে বক্তব্য দেন লেখাও। তিনি জানান, পুলিশ তাদের বাড়ি ফিরতে দিচ্ছিল না এবং যাতায়াতের জন্য কোনও যানবাহনও নিতে দেওয়া হচ্ছিল না। পরে অবশ্য আরেকটি ভিডিয়োয় তিনি সবাই নিরাপদে আছেন বলে আশ্বস্ত করেন।

মুম্বই পুলিশের দাবি, ওই বিক্ষোভে চার শতাধিক মানুষকে আটক করা হয়েছিল। অনুমতি ছাড়া কর্মসূচি আয়োজনের অভিযোগ তুলেছে পুলিশ। অন্যদিকে, সিজেপির দাবি, বিক্ষোভের অনুমতি চেয়ে পুলিশের সঙ্গে ইমেলে যোগাযোগ করেও তারা উত্তর পায়নি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে দলটি।

জা.অর্থনীতি/এসআই