নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ির গেট আউট ও পণ্য ডেলিভারি কার্যক্রম আরও স্বচ্ছ ও নিরাপদ করতে অনলাইন ই-চালান ব্যবস্থায় নতুন দুটি পেমেন্ট কনফার্মেশন নম্বর যুক্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। এখন থেকে ই-চালানে কাস্টমস শুল্ক ও কর পরিশোধের কনফার্মেশন হিসেবে আর নম্বর এবং বন্দরের মাশুল বা চার্জ পরিশোধের কনফার্মেশন হিসেবে সিপি নম্বর দেখা যাবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) আওতাধীন অনলাইন ই-চালান ব্যবস্থায় নতুনভাবে এ দুটি নম্বর অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং এজেন্ট, আমদানিকারক ও রপ্তানিকারকসহ বন্দর ব্যবহারকারীরা পণ্য ছাড়ের ক্ষেত্রে প্রয়োজনীয় পেমেন্টের তথ্য একই চালানে দেখতে পারবেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী গাড়ি চূড়ান্তভাবে গেট আউট করার ক্ষেত্রে অনলাইন ই-চালান বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারী—উভয়ের জন্য একটি চূড়ান্ত দলিল হিসেবে ব্যবহৃত হয়। নতুন ব্যবস্থায় আমদানিকারক বা সিঅ্যান্ডএফ এজেন্টরা পণ্য ডেলিভারির ক্ষেত্রে কাস্টমসের যাবতীয় শুল্ক ও কর পরিশোধের কনফার্মেশন হিসেবে আর নম্বর এবং বন্দরের মাশুল বা চার্জ পরিশোধের কনফার্মেশন হিসেবে সিপি নম্বর দেখতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ই-চালানে দুটি পেমেন্ট কনফার্মেশন নম্বর অন্তর্ভুক্ত থাকায় সংশ্লিষ্ট বিভাগগুলোর জন্য কাস্টমস ও বন্দর—উভয় পক্ষের ফি পরিশোধের তথ্য যাচাই করা সহজ হবে। এতে অনাকাঙ্ক্ষিত জালিয়াতি প্রতিরোধের পাশাপাশি বন্দরের গেট আউট ও পণ্য ডেলিভারি কার্যক্রম আরও নিরাপদ, স্বচ্ছ ও গতিশীল হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সেবা দিতে এ আধুনিক অনলাইন সুবিধা চালু করা হয়েছে। নতুন ব্যবস্থাটি ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্টদের পণ্য ছাড়ের কার্যক্রম আরও সহজ ও নির্ভরযোগ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
—জা.অর্থনীতি/আরএস