বিনোদন ডেস্ক: বাংলা ব্যান্ডসংগীতের দুই মহাতারকা নগর বাউলের জেমস এবং আর্কের হাসান—দীর্ঘদিন পর ফের একই মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছেন। নব্বইয়ের দশকের সংগীতপ্রেমীদের নস্টালজিয়ায় ভাসাতে আগামী শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো কনসার্ট ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’।
অ্যাডভেন্টর কমিউনিকেশনের ব্যবস্থাপনায় কনসার্টটি অনুষ্ঠিত হবে। নব্বইয়ের দশকের স্বর্ণালী স্মৃতির এই দুই আইকনকে এক মঞ্চে দেখার সুযোগ সংগীতপ্রেমীদের মাঝে তৈরি করেছে অভাবনীয় উন্মাদনা।
আয়োজনকে আরও আকর্ষণীয় করতে জেমস ও হাসানের সঙ্গে মঞ্চ কাঁপাবে দেশের শীর্ষ সারির ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। বিশেষ চমক হিসেবে থাকছেন প্রখ্যাত গিটারিস্ট ওনি হাসান, যিনি ওয়ারফেজের পাশাপাশি একক পরিবেশনায় অংশ নেবেন। এ ছাড়া একে রাহুলের একক পারফরম্যান্সও থাকছে এই আয়োজনে।
আয়োজকরা নিশ্চিত করেছেন, কনসার্টের জন্য প্রশাসনিক সব অনুমতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। গত সোমবার (১২ অক্টোবর) থেকে 'টিকিফাই ডট লাইভ' প্ল্যাটফর্মে শুরু হয়েছে টিকিট বিক্রি, যার মূল্য রাখা হয়েছে ৯৯৯ টাকা। ব্যান্ডের সুর ও গিটারের ঝংকারে মাততে এখন প্রহর গুনছেন রকপ্রেমীরা।
জা. অর্থনীতি/এআর
