হামজাকে বিতর্কিতভাবে লাল কার্ড, ৩-২ গোলে শেফিল্ডের হার

স্পোর্টস ডেস্ক: রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড দেখে বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় শেফিল্ড ইউনাইটেড। রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরেছে দলটি।

ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ৪৪ মিনিটের মাথায় পোর্টসমাউথ উইঙ্গার রায়ান কাভুমা-ম্যাককুইনকে ফাউল করায় হামজাকে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখান রেফারি অলিভার ল্যাংফোর্ড। কিন্তু দ্বিতীয় ফাউলটিতে হামজার তেমন কোনো দোষ ছিল না দাবি করে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার রেফারির এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। 

ওয়াইল্ডারের মতে, প্রতিপক্ষের খেলোয়াড়দের চাপের মুখেই রেফারি হুট করে তার সিদ্ধান্ত বদলে হামজাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান, যা শেফিল্ডের প্রতি স্পষ্ট অবিচার।

ফ্র্যাটন পার্কে ৫৪ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়েও চমৎকারভাবে সমতায় ফিরেছিল ১০ জনের শেফিল্ড। কিন্তু ৮৯ মিনিটের গোল হজম করে ম্যাচ হাতছাড়া করতে হয় তাদের। এ মৌসুমে শেফিল্ডের হয়ে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী।

জা. অর্থনীতি/এআর