খাদ্যমন্ত্রীর একান্ত সচিব আব্দুল আউয়াল বুলবুলকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে গিয়েছিলেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুল। বিষয়টি জানার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মন্ত্রী।

এ সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন এপিএস আবদুল আওয়াল। এ জন্য ৮ অক্টোবর রফিকুল ইসলামের স্বাক্ষরে একটি সরকারি সফরসূচির নোটিশ জারি করা হয়। তাতে ঢাকার মোহাম্মদপুরে এপিএস আবদুল আওয়ালের নিজের বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরা পর্যন্ত কর্মসূচি উল্লেখ করা হয়।

সফরের যাবতীয় সহায়তার জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশের অনুলিপি দেওয়া হয়। জ্বালানির ব্যবস্থা করতে অনুলিপি পাঠানো হয় খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও গিয়েছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দর ঘুরে দেখলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

মন্ত্রণালয় সূত্রের ভাষ্য, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী কিছুই জানতেন না। বিষয়টি জানার পর তিনি বিরক্ত হন। সফরের পরদিন আবদুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে অফিস থেকে চলে যেতে বলেন। এরপর তাকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

মো.আবদুল আউয়াল বুলবুল খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীর (আফরোজা খানম রিতা) সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ঢাকাস্থ দৌলতপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া তিনি মানিকগঞ্জ জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ এবং বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। তি‌নি মন্ত্রীর অনুমতি ছাড়াই খাদ্যগুদাম পরিদর্শন করেন।

উল্লেখ্য, ২০২৬ সালের মে মাসে তার বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার বিভিন্ন দপ্তর ও উপজেলা পর্যায়ে অযাচিত নজরদারি ও হস্তক্ষেপের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

—জা. অর্থনীতি/এনজে