দীপাবলিতে মিষ্টি চেয়ে মহাবিপদ! বাড়িতে আসছে লাখ টাকার ভুয়া অর্ডার

আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর মাদুরাইয়ের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বীরামণি দীপাবলিতে অনুরাগীদের কাছ থেকে মিষ্টি পাওয়ার আশায় নিজের ফোন নম্বর ও বাড়ির ঠিকানা প্রকাশ করেছিলেন। কিন্তু সেই সিদ্ধান্তই তার জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তার পরিচয় ব্যবহার করে একের পর এক ভুয়া ক্যাশ অন ডেলিভারি (সিওডি) অর্ডার দেওয়ায় শেষ পর্যন্ত শহর ছাড়ার কথাও জানিয়েছেন তিনি।

ঘটনার শুরু দীপাবলির আগে। উৎসব উপলক্ষে অনুরাগীরা তাকে মিষ্টি পাঠাতে পারবেন-এমন প্রত্যাশা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত যোগাযোগের তথ্য প্রকাশ করেন বীরামণি। এরপর তার নামে টেলিভিশন, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের মতো দামি পণ্যের অর্ডার আসতে শুরু করে। এসব পণ্য তিনি অর্ডার না করলেও সেগুলো নিয়ে ডেলিভারি কর্মীরা তাঁর বাড়িতে হাজির হচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, তার নামে একটি টেলিভিশনের অর্ডার দেওয়া হয়েছিল, যার মূল্য ১ লাখ ৬৯ হাজার টাকা। এ ছাড়া ৭০ কোটি টাকার সামরিক ট্যাঙ্ক, অ্যাম্বুল্যান্স ও রকেট অর্ডারের মতো দাবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এসব দাবির সবগুলোর সত্যতা নিশ্চিত নয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইনস্টাগ্রামে একাধিক ভিডিও প্রকাশ করে হয়রানি বন্ধের অনুরোধ জানিয়েছেন বীরামণি। একটি ভিডিওতে তিনি জানান, মাত্র আধা ঘণ্টার মধ্যে তার নামে ১৫টি অর্ডার আসে। এত দামি পণ্য কেনার সামর্থ্য তার নেই বলেও উল্লেখ করেন তিনি।

বীরামণির অভিযোগ, ভুয়া অর্ডারের কারণে ডেলিভারি কর্মীদেরও অযথা ভোগান্তিতে পড়তে হচ্ছে। অন্যদিকে, অর্ডারগুলোর জন্য তাকেই দায়ী করে অনেকে ফোন করছেন এবং বকাঝকা করছেন। বারবার আবেদন জানিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিনি শহর ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন।

জা.অর্থনীতি/এসআই