নারীশক্তি ও ন্যায়বিচারের বার্তা নিয়ে গানচিত্র ‘মহাদুর্গা’

জাতীয় অর্থনীতি বিনোদন: শারদীয় দুর্গাপূজার এই মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার মহিমা, নারীশক্তি, ন্যায়বিচার ও নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে প্রকাশ হয়েছে বিশেষ অডিও ভিজ্যুয়াল মিউজিক্যাল প্রজেক্ট ‘মহাদুর্গা’। 

প্রযোজনা সূত্র জানায়, বাংলা শাস্ত্রীয়, লোকজ ও আধুনিক সংগীতের সমন্বয়ে নির্মিত এই প্রযোজনায় দেবী দুর্গার বিভিন্ন রূপ ও মহিমার পাশাপাশি ন্যায়, সাহস এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে।

গানটির কেন্দ্রীয় চরিত্রে শিশুশিল্পী আইরা, দেবী দুর্গার কুমারী রূপে অভিনয় করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় শিশুশিল্পী প্রিয়মকে এবারই প্রথম গানের বাইরের একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। গানে সাধকের ভূমিকায় রয়েছেন পিয়ুষ দত্ত। 

বিশেষ এই ভিডিও পরিচালনা করেছেন তরুণ অনিক কান্তি সরকার। ‘মহাদুর্গা’ গানে কণ্ঠ দিয়েছেন ভবসিন্ধু সরকার, দোলা অধিকারী, শুভ্র সরকার, মৌমিতা বিশ্বাস, এসডি সাগর, সিক্তা সাহা, সোহাগ চন্দ্র সাহা ও তন্বী সাহা। এছাড়াও কোরাসে অংশ নিয়েছেন সঞ্চয় সরকার, সুস্মিতা মণ্ডল, স্বর্ণালী সরকার তৃষা, শ্রাবণী মৃধা, স্নিগ্ধ বিশ্বাস, অজয় চৌধুরী ও শিমুল সরকার। গানের কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী। ভবসিন্ধু সরকারের সুরে এর সংগীত করেছেন শামীম হাসান।

image

অনিক কান্তি সরকার জানান, সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বয়ে নির্মিত ‘মহাদুর্গা’আবহমান বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার বার্তাই দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দিতে চায়। একই সঙ্গে দেবী দুর্গার শক্তি ও সাহসের প্রতীকি তাৎপর্য তুলে ধরে নারীর মর্যাদা, সমতা ও ক্ষমতায়নের বিষয়ে সচেতনতা সৃষ্টিতেও ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, শুক্রবার (১৬ অক্টোবর) ‘গানজানালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ‘মহাদুর্গা’।

জা. অর্থনীতি/এআর