জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: ২০৩৫ সালের মধ্যে চীনের রাজধানী বেইজিংয়ের জনসংখ্যা "অতি-বয়স্ক" হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে শহরের প্রায় এক-তৃতীয়াংশ বাসিন্দার বয়স হবে ৬০ বছর বা তার বেশি। সরকারী মালিকানাধীন 'বেইজিং ডেইলি'র এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
রয়টার্সের হিসাব অনুযায়ী, চীনের নীতিনির্ধারকরা জনসংখ্যা পরিকল্পনাকে দেশের অর্থনৈতিক কৌশলের একটি প্রধান অংশ হিসেবে গ্রহণ করেছেন, এবং জন্মহার বাড়াতে চলতি বছর সরকারকে সম্ভাব্য প্রায় ১৮০ বিলিয়ন ইউয়ান (২৬.৯২ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয় করতে হচ্ছে।
শনিবার 'বেইজিং ডেইলি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে চীনের রাজধানীর প্রতি তিনজনের মধ্যে একজন বাসিন্দার বয়স হবে ৬০ বছর বা তার বেশি।
এতে আরো বলা হয়, গত বছরের শেষে বেইজিংয়ে ৬০ বছর ও তার বেশি বয়সী স্থায়ী বাসিন্দার সংখ্যা ছিল ৫২.৯ লাখ (৫.২৯ মিলিয়ন), যা সেখানকার মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়, নগর সরকার মূল পেনশন বৃদ্ধি সহ বয়স্ক নাগরিকদের জন্য সহায়তা জোরদার করছে।
২০২২ সাল থেকে চীনের জনসংখ্যা সংকুচিত হচ্ছে এবং খুব দ্রুত বয়োবৃদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এটি অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি এবং ঋণ নিয়ন্ত্রণের সরকারি পরিকল্পনাকে জটিল করে তুলছে—কারণ এমন এক সময়ে কোটি কোটি মানুষ কর্মক্ষেত্র থেকে অবসরে যাচ্ছেন যখন দেশের পেনশন বাজেট ইতিমধ্যেই বেশ চাপের মুখে রয়েছে।
জনসংখ্যাবিদ ও অর্থনীতিবিদদের মতে, বর্তমানে জন্মহার কমে যাওয়া মানে ভবিষ্যতে পরিবারের সংখ্যা কমে যাওয়া, যা সময়ের সাথে সাথে অর্থনৈতিক ভোগের প্রবৃদ্ধিকে ধীরগতির করে দেবে।
—জা.অর্থনীতি/জেআরটি