কুড়িগ্রামের মণ্ডপে মণ্ডপে দেবী বিদায়ের প্রস্তুতি
ছবি: জাতীয় অর্থনীতি

কুড়িগ্রাম প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ বিজয়া দশমী। দেবী দুর্গাকে বিদায় জানাতে কুড়িগ্রামের মণ্ডপে মণ্ডপে চলছে নানা প্রস্তুতি।

পাঁচ দিনের পূজা-অর্চনা, আনন্দ-উৎসব আর ভক্তদের মিলনমেলার পর এবার দেবীকে বিদায় জানানোর পালা। বিদায়ের ক্ষণে ভক্তদের মনে যেমন বিষাদের সুর, তেমনি আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশা।

বিজয়া দশমী উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) সকাল থেকেই জেলার বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের প্রস্তুতি নেয়া হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে সিঁদুর খেলা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানোর আয়োজন করা হয়। 

পরে নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

দুর্গোৎসবকে ঘিরে জেলার ৫৬৪টি পূজামণ্ডপে কয়েক দিন ধরে ছিল উৎসবমুখর পরিবেশ। পূজামণ্ডপগুলোতে ভক্তদের সমাগম, পূজা-অর্চনা এবং বিভিন্ন আনুষ্ঠানিকতায় মুখর ছিল চারপাশ। বিজয়া দশমীতে সেই উৎসবের সমাপ্তি ঘটলেও ভক্তদের মনে থেকে যায় আনন্দময় মুহূর্তগুলোর স্মৃতি।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গার আগমন অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রতীক। বিজয়া দশমীতে দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে ভক্তরা পরিবার, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন।

আনন্দ-বেদনার মিশেলে দেবী দুর্গাকে বিদায় জানাতে প্রস্তুত ভক্তরা। তাদের প্রত্যাশা, সব অশুভ ও অশান্তি দূর হয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সম্প্রীতি।

—জা.অর্থনীতি/এনজে