‘জেলার ২’: সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমা

জাতীয় অর্থনীতি বিনোদন: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ম্যাজিক আবারও কাঁপাল বক্স অফিস। মুক্তির মাত্র এক সপ্তাহেই বিশ্বজুড়ে ৫৭৬ কোটি রুপির বেশি ব্যবসা করে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমার তালিকায় নাম লেখাল বহুল প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’।

২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘জেলার’-এর এই সিক্যুয়েলটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। মাত্র ৭ দিনে এটি পেছনে ফেলেছে মনি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’ এবং রজনীকান্তের নিজেরই ছবি ‘কুলি’-র আজীবন রেকর্ড। কালানিথি মারানের প্রযোজনায় এবং নেলসন দিলীপ কুমারের পরিচালনায় ছবিটিতে টাইগার মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে রজনীকান্তের দুর্দান্ত অভিনয় দর্শককে সিনেমা হলে টেনে আনছে। পাশাপাশি এই পর্বে এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালানের মতো তারকারা যুক্ত হয়ে আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছেন।

উৎসবের মৌসুম এবং কোনো বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় বক্স অফিসে এর জয়রথ থামানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে কলিউডের শীর্ষস্থান দখল করে আছে ‘রোবট ২.০’ (৬৯১ কোটি) ও ‘লিও’ (৬০৫ কোটি)। তবে যেভাবে প্রতিটি শো হাউজফুল যাচ্ছে, তাতে খুব দ্রুত এই রেকর্ডগুলোও ভেঙে নতুন ইতিহাস গড়বে ‘জেলার ২’।

জা. অর্থনীতি/এআর