চলন্ত সিএনজির চাকা খুলে প্রাণ গেল শিশুর
ছবি: জাতীয় অর্থনীতি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি-খাগড়াছড়ি সড়কে অন্য একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি অটোরিকশা। এতে তানিয়া আক্তার (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও ছোট বোনসহ আহত হয়েছেন তিনজন। আহতদের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের অবস্থা গুরুতর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ি থেকে খাগড়াছড়ির দিকে যাওয়ার পথে একটি সিএনজিচালিত অটোরিকশা অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় এর সামনের চাকা খুলে যায়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অটোরিকশায় থাকা তানিয়া আক্তার ও বিজিবির নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাকসহ তানিয়ার মা ও ছোট বোন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু তানিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত তানিয়া আক্তার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পুরাতন বর্ণাল এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

আহত বিজিবি সদস্য মো. আব্দুর রাজ্জাক ৩ বিজিবি ব্যাটালিয়নের আরআইবি সদস্য। তিনি অস্থায়ী দায়িত্ব পালনের জন্য পানছড়ি ব্যাটালিয়ন থেকে সিএনজিচালিত অটোরিকশায় গুইমারা সেক্টরের উদ্দেশে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাকে প্রথমে ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়নের চিকিৎসাকক্ষে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গুইমারা সেক্টরের শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অতিরিক্ত গতিতে চালানোর সময় অটোরিকশাটির সামনের চাকা খুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।  

—জা. অর্থনীতি/এলএটি