জন্মদিনে শিউলিসন্ধ্যায় সাদামাটা পরীমনি

বিনোদন প্রতিবেদক: জমকালো আয়োজন, আলোকসজ্জা আর পাঁচতারা হোটেলের জৌলুস সরিয়ে এবার জন্মদিনে একদম সাদামাটা রূপে ধরা দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। প্রিয় নানাকে হারানোর পর থেকেই বদলে গেছে তার জন্মদিন উদযাপনের ধরন। জমকালো কেক কাটা কিংবা হইহুল্লোড়ের পরিবর্তে শরতের শিউলি ফুলের স্নিগ্ধতায় ঘেরা এক শান্ত সন্ধ্যায় কাছের মানুষদের নিয়ে সাজানো হয়েছে তার এবারের জন্মদিন, যার নাম দিয়েছেন ‘শিউলিসন্ধ্যা’।

গতকাল ২৪ অক্টোবর চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। ১৯৯২ সালের এই দিনে পিরোজপুরের ভান্ডারিয়ায় জন্ম নেওয়া এই অভিনেত্রীর আসল নাম শামসুন্নাহার স্মৃতি। শৈশবের বড় একটা সময় কেটেছে নানাবাড়িতে। মাকে হারানোর পর নানা শামসুল হক গাজীর স্নেহের ছায়ায় বেড়ে ওঠেন তিনি। জীবনের প্রতিটি পদক্ষেপে নানা ছিলেন তার সবচেয়ে প্রিয় মানুষ। তবে ২০২৩ সালে প্রিয় মানুষটির চিরবিদায় পরীমণির জীবনে গভীর শূন্যতা তৈরি করেছে, যা প্রভাব ফেলেছে তার জন্মদিন উদযাপনেও।

জন্মদিন নিয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করে পরীমনি বলেন, প্রতিবছরই জন্মদিন নতুন নতুন উপলব্ধি নিয়ে আসে। দিনটির সঙ্গে আমার আবেগের সম্পর্ক এখন অনেক গভীর। নানাকে হারানোর পর জন্মদিনে কেক কাটা কিংবা সবাইকে নিয়ে হইহুল্লোড় করার কথা আমার মাথায় আসেনি। জন্মদিনে এবার কোনো কেক কাটা হবে না। কাছের মানুষদের নিয়ে কিছুটা সময় কাটানোর ইচ্ছা রয়েছে। যারা আমার কাছের প্রিয় মানুষজন, তাদের নিয়ে একটুখানি একটা সন্ধ্যা তো কাটাতেই পারি। সেই ভাবনা থেকেই ‘শিউলিসন্ধ্যা’ আয়োজনটি করেছি।

গতকাল শনিবার শরতের শিউলি ফুলের আবহে প্রিয়জনদের সঙ্গে স্মৃতিচারণ, আড্ডা আর ভালোবাসা ভাগাভাগি করে নেওয়ার এই বিশেষ আয়োজনটি আজ সন্ধ্যায় পূর্বাচলের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। ব্যক্তিগত জীবনের এই পরিপক্ব ও ভাবনাসিক্ত অধ্যায়ের পাশাপাশি পেশাগত জগতেও নতুন কাজ নিয়ে আলোচনায় রয়েছেন পরীমনি।