তানজিন তিশার বিরুদ্ধে মামলায় অধিকতর তদন্তের নির্দেশ সিআইডিকে

জাতীয় অর্থনীতি বিনোদন: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর দায়ের করা প্রতারণা ও হুমকির মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) বাদীর নারাজির আবেদন মঞ্জুর করে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) সরিয়ে সিআইডিকে এই দায়িত্ব দেন।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, সিআইডিকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে মামলাটি করেন সানায়া চৌধুরী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বরে একটি অনুষ্ঠানের জন্য ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে তা আর ফেরত দেননি তানজিন তিশা। পরবর্তীতে শাড়িটি ফেরত চাইলে তিনি বাদীকে গালাগাল ও সামাজিকভাবে হেয় করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
যদিও আগে তদন্ত শেষে পিবিআই তিশাকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। তবে বাদীপক্ষ সেই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দেয়। আদালত সেই আবেদন গ্রহণ করে সিআইডিকে নতুন করে তদন্তের নির্দেশ দেন।

জা. অর্থনীতি/এআর